সিলেট শহরের এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকায় একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এসে সিরিয়াল ভেঙে জ্বালানি নিতে চান। এ সময় পাম্প কর্তৃপক্ষ তাদের সিরিয়াল মেনে জ্বালানি নিতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ওই যুবকেরা পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করেন। এতে তিনি আহত হন।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে। এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের চৌকিদেখী এলাকার মো. ফাহিম আহমদ (২১), বালাউট এলাকার তামিম আহমদ (১৯) এবং চৌকিদেখী এলাকার তানজিম আহমদ সজীব (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন