কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একটি বাসা থেকে বাঙ্গরা বাজার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত কলেজ শিক্ষক চাষী সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কলেজটির অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, চাষী সাইফুল ইসলাম গত ৫ মার্চ কলেজে ক্লাস নিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। তিনি মাঝে মধ্যে কাউকে কিছু না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন।
পাশের ভাড়াটিয়ারা জানান, গত রোববার কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজতে এসে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান।
শুক্রবার সকালে পার্শ্ববর্তী এক দোকানদার গুদামে মালামাল নিতে এসে বাসা থেকে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে বাড়ির মালিককে জানান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা জানান, দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ঘরের মেঝেতে গলিত মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৭-৮ দিন আগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি আবদুল কাদের খান বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দুটি তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে পচন ধরেছে, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন