কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার কালীবাজার ইউনিয়নের হাতিগড়া দিগলগাঁও গ্রামে গ্যাসের চুলার রাইজার নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. বিল্লাল হোসেন ভুঁইয়া। তার বড় ভাই মো. আনিসুল রহমান। তারা হাতিগড়া দিগলগাঁও গ্রামের আবদুল মালেক ভুঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আনিসুল রহমানের সঙ্গে তার ছোট ভাই মো. বিল্লাল হোসেন ভুঁইয়ার গ্যাসের চুলার রাইজার নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আনিসুল রহমান ছুরি দিয়ে বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেন ভুঁইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল হোসেন ভুঁইয়ার বড় ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) অভিযোগ করে জানান, তার চাচা আনিসুল রহমান ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করেছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, হত্যার ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন