নেত্রকোনার মদন উপজেলায় ঈদ উপলক্ষে গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) ও জানে আলম (৩০)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে কাওয়ালিবিন্নী গ্রামের বাসিন্দারা আগে থেকেই গরু জবাই করে মাংস ভাগ-বাঁটোয়ারার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে তারা গরু কেনার সিদ্ধান্ত নেন। তবে মাংস বণ্টন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বজলু মিয়ার সমর্থক ও মাজু মিয়ার সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
মদন থানার ওসি মো. হাসানাত জামান জানান, সকালে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কিছু আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, আর কিছু হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-20260318214652.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন