ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১০:২৬ এএম
নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ছবি : সংগৃহীত

ঈদ উৎসবে বিনোদনপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কসহ জেলার সব বিনোদন কেন্দ্র। সকাল থেকেই শিশু থেকে বৃদ্ধ—সব বয়সি মানুষের উপচেপড়া ভিড়ে মিলনমেলায় পরিণত হয়েছে পার্কটি। 

ঈদের আমেজকে রাঙিয়ে দিতে এবং বিনোদনপ্রেমীদের আকৃষ্ট করতে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

রাজধানী ঢাকার কাছাকাছি নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা ও এর আশপাশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছেন। 

কিডস জোন, বুলেট ট্রেন, স্কাই ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, ক্রেজি রিভার, লেজি রিভার, স্পিডবোট এবং আদর্শ গ্রামসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডের পাশাপাশি ওয়াটার পার্কে ডিজে গানের তালে নেচে নেচে দর্শনার্থীরা ঈদ আনন্দে মেতে উঠেছেন।

এ বছর ড্রিম হলিডে পার্কের সি-ওয়ার্ল্ড, সুনামির ঢেউ এবং ড্রিম রিভার ক্যাবের রোমাঞ্চকর ভৌতিক পরিবেশ সবার নজর কাড়ছে। বড়দের পাশাপাশি বিভিন্ন রাইডে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া ‘ভূতের বাড়ি’ শিশুদের কাছে অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা জানান, দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে পার্কে নিয়মিত নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে। এখন আর ভ্রমণপিপাসুদের বিনোদনের জন্য বিদেশে যেতে হবে না।

এমনকি বিদেশি দর্শনার্থীরাও এই পার্কে ঘুরতে আসছেন। সবার নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন তিনি।

ঈদে জেলার প্রতিটি বিনোদন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনোদনপ্রেমীরা ভিড় জমিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভ্রমণপিপাসুদের বিদেশ ভ্রমণ পরিহার করে দেশের বিনোদন কেন্দ্রগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছেন। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।