পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। দীর্ঘ ছুটির আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সাধারণ ভ্রমণপিপাসুরা ৩০ টাকার টিকিট কেটে ভিড় করছেন এই ঐতিহাসিক প্রাসাদে।
প্রায় দুইশ বছরের ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বালিয়াটি জমিদার বাড়ি। জানা যায়, এই জমিদার বংশের পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন স্বনামধন্য লবণ ব্যবসায়ী।
বালিয়াটি জমিদার বাড়ির প্রতিটি প্রবেশপথের চূড়ায় রয়েছে চারটি সিংহ মূর্তি। প্রাসাদের সামনেই বিশাল এক পুকুর এবং নান্দনিক পাকা ঘাট দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরো এলাকায় সাতটি প্রাসাদতুল্য ইমারত রয়েছে, যাতে কক্ষ সংখ্যা মোট ২০০।
দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এই জমিদার বাড়িতে প্রবেশ করেই এর সূক্ষ্ম কারুকাজ দেখে বিস্ময়ে অভিভূত হন। ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর ধরে বালিয়াটির জমিদাররা যেসব স্থাপত্যকীর্তি রেখে গেছেন, তা মানিকগঞ্জ জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।
এদিকে, দর্শনার্থীরা তৎকালীন স্থপতি ও কারিগরদের নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করছেন।

