রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে মাত্র একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা গেছে। বাকি ২৯ জনের ক্ষেত্রে তা শনাক্ত হয়নি।
সোমবার (৩০ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেলেও নিশ্চিতভাবে হাম পাওয়া গেছে শুধু একজনের ক্ষেত্রে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষা করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।
আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। দুটি ওয়ার্ডেই আলাদা করে রোগীদের আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগের বিষয়। এক বছরের বেশি বয়সী আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।
এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।

-20260330154552.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন