জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় দায়ের করা ইয়াবা উদ্ধার মামলায় দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজিবপুরের নামাপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে সাইফুল ইসলাম ও একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে শেখ ফরিদ ওরফে ফটিক আলী।
মামলার সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আসামি সাইফুল ইসলামের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা এবং আসামি শেখ ফরিদের কাছ থেকে ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিগত ২০২১ সালের জানুয়ারির ২৯ তারিখে দেওয়ানগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার সিজেএম নং-২৪৯/২১। মামলাটি জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন থাকাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক রায় প্রদান করেন।
রায়ে আসামি সাইফুল ইসলামকে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইসাথে অপর আসামি শেখ ফরিদ ওরফে ফটিক আলীকে ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আজাদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন