ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে আব্দুর রহমান (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার পত্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার ভূইয়া বাড়ির হেবজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত শুরু হলে সরাসরি তার ওপর বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতের তীব্রতায় পাশের একটি বড় গাছও ছিন্নভিন্ন হয়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন উপস্থিত লোকজন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন