নরসিংদীর মাধবদীতে নুরালাপুর ইউনিয়ন পরিষদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পরিষদের পেছন দিক থেকে ছোড়া একটি ককটেল পরিষদের মূল ভবনের কাছে বিস্ফোরিত হয়।
এতে মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল সদৃশ আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে নুরালাপুর ইউনিয়ন পরিষদের সচিব মনির আলম বলেন, আমি সকাল ৯টায় অফিসে ঢুকি। হাজিরা দিয়ে নরসিংদীতে একটি মিটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই শুনি পরিষদে বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমার জানা নেই।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও নরসিংদী সদর উপজেলার পিআইও মনিরুল ইসলাম বলেন, আমি আজ নরসিংদীতে একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম। বিস্ফোরণের খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন