ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধ জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে এক যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি ট্রলিতে ৩২০ লিটার ডিজেল বহন করছিলেন দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়, তারা সালথার মনোয়ারা ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় তেল বহনকারী মিকাইল হোসেন (২১) নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করা তেল সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সচেতন মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন