ঢাকা-রাজশাহী মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত ঝটিকা অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) পুঠিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় কাগজপত্রবিহীন একটি ড্রাম ট্রাককে বড় অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে এদিন ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন একটি ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযান চলাকালে আইন অমান্য করে সড়কে চলাচল করার দায়ে এক ড্রাম ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য যানবাহনের কাগজপত্রও যাচাই করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মহাসড়কে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। লাইসেন্সবিহীন ও বেপরোয়া গতির ট্রাকগুলো প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে এবং সড়ককে নিরাপদ রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন