চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোরে ১৫–২০ জনের একটি রোহিঙ্গা দল প্রবেশে করেন। স্থানীয়দের দাবি, তাদের আটক বা থানায় নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের কর্ণফুলী থানা এলাকায়, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও টানেল এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জাহেদুল আলম জানান, সকালে অফিসে যাওয়ার পথে তিনি হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি রোহিঙ্গা দলকে দেখতে পান। সন্দেহ হলে তিনি তাদের সঙ্গে কথা বলেন। তাদের জিজ্ঞেস করলে তারা সঠিক কোনো তথ্য দিতে পারেনি। পরে বন্দর পুলিশ ফাঁড়িতে নেওয়ার চেষ্টা করা হলেও তারা সেখানে যেতে রাজি হয়নি।
তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে তিনি পরে কর্মস্থলের উদ্দেশে চলে যান। এ সময় রোহিঙ্গা দলটি সেখান থেকে অন্যত্র চলে যায়।
রোহিঙ্গা দলটির সদস্যরা নিজেদের ভাসানচর থেকে আসা বলে দাবি করেন। তারা জানান, নিজেদের উদ্যোগে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে তারা এ পথে এসেছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ এর আগেও দুই থেকে তিনবার একইভাবে রোহিঙ্গাদের এলাকায় প্রবেশ করতে দেখা গেছে।
বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অনিয়ন্ত্রিত রোহিঙ্গা প্রবেশ ঘটতে থাকলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন