গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হলেন, মো. ফারুক হোসেন (৩৫), মো. শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মো. সুজন বিশ্বাস (৩৩)। তারা সবাই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাকু, একটি লোহার এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী খোরশেদ ও রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২২-৬২১৭)-যোগে ৫-৬ জন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।
এ সময় সন্দেহভাজনরা দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলার চেষ্টা চালায়। ধাওয়া খেয়ে ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।
পরে পূবাইল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও পিকআপসহ নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন