নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
শনিবার (৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার চেঙ্গাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানকালে মাদক কারবারিদের কাছ থেকে ১,০২৩ বোতল ফেনসিডিল ও স্ক্যাফ, ২৬ কেজি গাঁজা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভান্ডারবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস দল ভোর সাড়ে ৪টার দিকে চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।
এদিকে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশ ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’


-20260404155426.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন