নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে নতুন ফেরি সংযোজন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, এমপি।
শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট পরিদর্শনের সময় তিনি এ কথা জানান। এ সময় তিনি ফেরিঘাট ও নদীপথের বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব অঞ্চলের মানুষের উন্নয়ন ও কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং নিজের দায়িত্ববোধ থেকে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনার জন্য এসেছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরি সংকট নিরসনে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি সংযোজনের চেষ্টা চলছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় নৌযোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পরিদর্শনকালে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ফেরি চলাচল নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে। নৌপরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নে মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় নোয়াখালীর হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যান ঘাট, ভোলার ইলিশা ঘাট, বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমার ঘাট এবং উলানিয়া কালীগঞ্জ ঘাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন