জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া উইং। অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তিনি রোকেয়া হলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে ‘নুর-রাশেদ-ফারুক’ প্যানেল থেকে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন।
পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন