ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনাগাজীতে লাইসেন্সবিহীন ফার্মেসিকে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার ডাকবাংলো এলাকায় লাইসেন্সবিহীন 'ডাকবাংলো ল্যাব' নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউছুপ মিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, ডাকবাংলো মোড়ে অবস্থিত ‘ডাকবাংলো ল্যাব’-এ অভিযান পরিচালনাকালে ফার্মেসির প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। 

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ফার্মেসির লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাইসেন্সহীন দোকানে ওষুধের গুণগত মান বজায় রাখা হয় না, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।