রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বালুয়ারমাঠ এলাকায় এক দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘরে ভাঙচুর চালিয়ে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসাহাক আলী ও মোর্শেদ আলম বলেন, ‘কয়েকদিন আগে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি লোকমান মিয়ার বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গ্রাম ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় জড়িত আসাদ, শাহাবুল, সাজ্জাদ, বক্কর, বাবু, আজিজুর ও ফারুকসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।’
ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মিয়া বলেন, ‘তিনি ২-৩ বছর আগে ভুল পথে থাকলেও এখন কঠোর পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করছেন। তার পারিবারিক দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করা হয়। তিনি অপারগতা প্রকাশ করায় তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মিথ্যা অভিযোগ সাজিয়ে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। তিনি বর্তমানে নিজের বাড়িতে যেতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, লোকমান মিয়া বর্তমানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী লোকমান মিয়ার পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

-20260409165232.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন