কিশোরগঞ্জে নতুন করে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগে পড়েছে স্বাস্থ্য বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় হামে আক্রান্তসহ সন্দেহভাজন অন্তত ২৪৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলায় মোট ৭৭ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সন্দেহভাজন ৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সংক্রমণের বিস্তার দ্রুত শনাক্ত করতে এসব নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত জেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫টি এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মোট ১০১টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।
জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই। তবে আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন হলে ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।
এ পরিস্থিতিতে আগামী ২০ এপ্রিল সারাদেশের মতো কিশোরগঞ্জেও হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
এ কর্মসূচির আওতায় আগে টিকা না পাওয়া ব্যক্তিদের পাশাপাশি টিকা গ্রহণকারীরাও পুনরায় টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য বিভাগের মতে, পুনরায় টিকা নেওয়ায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। শিশুদের কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন