× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৩১ পিএম

সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত, ২০ দিন পর মিলল খবর

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৩১ পিএম

নিহত মো. আলমাছ সরদার ফরিদ।

নিহত মো. আলমাছ সরদার ফরিদ।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত হওয়ার ২০ দিন পর বুধবার (১৫ এপ্রিল) তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবার।

নিহত মো. আলমাছ সরদার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।

হাউমাউ করে কেঁদে সাংবাদিক আবু তালেব সরদার বলেন, ‘আমার ছেলে সৌদি আরবে একটি কফি হাউসে শ্রমিকের কাজ করত। সে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে। কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মুঠোফোনে তার মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।’

প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফরিদগঞ্জে সাংবাদিক সমাজ, মৃতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মৃতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!