কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও দক্ষিণ কুতুবদিয়াপাড়াসহ আশপাশ এলাকায় সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে একটি তুর্কি সংস্থার নেওয়া টিউবওয়েল স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও বিদেশি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্পের আওতায় টিউবওয়েল স্থাপনের কথা থাকলেও বাস্তবে তা কেবল আনুষ্ঠানিকতা ও ফটোসেশনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে, টিউবওয়েল স্থাপনের নামে সাময়িকভাবে কিছু কাজের দৃশ্য ধারণ করা হয় যার মধ্যে ঢালাই, নামফলক স্থাপন, ব্যানার টানানো এবং উদ্বোধনী মোনাজাতও অন্তর্ভুক্ত থাকে। তবে এসব কার্যক্রম শেষে টিউবওয়েলগুলো ভেঙে ফেলা হয়।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় দরিদ্র পরিবারের সঙ্গে চুক্তি করে প্রতিটি টিউবওয়েলের বিপরীতে প্রায় ১০ হাজার টাকা প্রদান করা হয়। টিউবওয়েল ব্যবহারের সুযোগ না দিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ভান করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।
আরও অভিযোগ রয়েছে, একই টিউবওয়েল বা স্থাপনা বিভিন্ন স্থানে স্থানান্তর করে ভিন্ন ভিন্ন নামফলক ও ব্যানার ব্যবহার করে একাধিকবার প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট এনজিওগুলোর মাধ্যমে বিদেশি অনুদানের অর্থ এভাবে ভাগবাটোয়ারা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, অনেক ক্ষেত্রে টিউবওয়েল স্থাপন করা হলেও তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে বা রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত অচল হয়ে যায়। কিছু ক্ষেত্রে পুরনো অকেজো টিউবওয়েল রং করে নতুন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এতে করে প্রকল্পের মূল লক্ষ্য নিরাপদ পানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট তুর্কি সংস্থার কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন