জামালপুরের বকশীগঞ্জে একটি পুকুর থেকে বোমাসদৃশ একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। তবে মর্টারশেলটি বর্তমানে পুকুরের পাশেই পুলিশের হেফাজতে রয়েছে।
জানা গেছে, বিকেলে সাদা মিয়ার পুকুরপাড়ে স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় পুকুরের এক কোনায় থাকা মর্টারশেলটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে আনার চেষ্টা করলে স্থানীয়দের চোখে পড়ে। জং ধরা পুরোনো মর্টারশেলটি নিয়ে কৌতূহল সৃষ্টি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
পরে বকশীগঞ্জ থানা পুলিশ কামালপুর গ্রামে ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে বোমাসদৃশ মর্টারশেলটি পুলিশের পাহারায় রয়েছে।
ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি কামালপুরে আনা হয়েছিল। তবে কোনো কারণে এটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে মর্টারশেলটি পুলিশি পাহারায় রাখা হয়েছে।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন