ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে মহোন শেখ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে জাহিদ গ্রুপ ও সাদত গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, তলোয়ার ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের এক পর্যায়ে মাধবপুর গ্রামের মহোন শেখ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় সংঘর্ষকারীরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। লুটতরাজ, রাহাজানি বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এছাড়া শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন