চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
ঈশ্বরদী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সজিব হাসান বলেন, ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই।
এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন খান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।
এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করেন।
ঈশ্বরদী থানার ওসি আছাদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে কলেজ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন