সিরাজগঞ্জের তাড়াশে মাটি খননের সময় একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনাদিঘী নামের একটি পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়।
পুরাতন পুকুর পুনঃখননের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে পাথরের তৈরি একটি মূর্তির অংশ দেখতে পান। পরে কাজ বন্ধ রেখে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে পরিত্যক্ত হয়ে পড়া পুকুরটি সম্প্রতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। খননকাজের এক পর্যায়ে মাটির গভীর থেকে ধীরে ধীরে মূর্তিটির অবয়ব দৃশ্যমান হলে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে সেটি সাবধানে তুলে রাখেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তিটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বহু প্রাচীন কোনো ধর্মীয় নিদর্শন হতে পারে। তবে এর সঠিক বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো বিষ্ণু মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বিষ্ণু মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন