গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছর বয়সী নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বরকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তাকে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।
বাল্যবিবাহের অপরাধে বর জয় চৌধুরীকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সঙ্গে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের অসীম হীরার কিশোরী মেয়ে তুলী হীরার বিয়ের কথা ঠিক হয়।
সোমবার রাতে বিয়ের উদ্দেশ্যে জয় চৌধুরী নবুখালী গ্রামে আসেন। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় বর জয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়। মেয়ের কাগজপত্র যাচাই করে তার বয়স ১৩ বছর নিশ্চিত হওয়া যায়।
পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন