চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত থেকে জানানো হয়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ-এর এজলাসে আনুমানিক দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানির সময় আইনজীবী বাবর ব্যাপারী অপর আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং পরবর্তীতে মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।
এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি ঘটনাটি আমলে নিয়ে অভিযোগ আকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
অভিযুক্ত অ্যাডভোকেট বাবর ব্যাপারী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এদিকে আদালতের অভ্যন্তরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান আইনজীবীকে মারধরের বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনাটির বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখমের পর্যালোচনা এবং দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ বরাবর নির্দেশ প্রদান করেন।
আইনাঙ্গনে এই ঘটনাকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন