সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পরিত্যক্ত ভিটা থেকে সদ্য প্রসব করা মৃত ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় শিশুটিকে কাপড়ে জড়িয়ে কে বা কারা আগের রাতে ফেলে দিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে পুঠিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় গাছের নিচে সদ্য প্রসব করা শিশু কাপড়ে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, শিশুটির বয়স একদিনের মতো হতে পারে। পুলিশ এটি উদ্ধারের সময় মৃত অবস্থায় পায়। নবজাতকটিকে মৃত অবস্থায় কেউ ফেলে রেখেছে, নাকি জীবিত অবস্থায় সেখানে ফেলে দেওয়ার পর মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ফলে নবজাতক শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন