সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পল্লী পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত শনিবার (২ মে) সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ। কিন্তু দিন শেষে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
প্রিয়নাথ পরামান্য আরও জানান, শনিবার রাতে অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি অনিমেষের স্ত্রী সবিতা পরামান্যের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
রোববার (৩ মে) শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগীর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশ বৈশখালী এলাকায় অনিমেষের বাড়ি পরিদর্শন করেছে এবং উদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন