দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার গণিত (আবশ্যিক) বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষায় ২ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
তিনি জানান, গণিত পরীক্ষায় মোট ১ লাখ ৭৩ হাজার ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৫৮১ জন অংশগ্রহণ করে। পরীক্ষায় গাইবান্ধা, দিনাজপুর ও পঞ্চগড় জেলা থেকে একজন করে মোট তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, পরীক্ষায় মোট অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল দিনাজপুর জেলায় ৪৪৪ জন। এ ছাড়া রংপুরে ৩৫৪ জন, গাইবান্ধায় ২৯৩ জন, কুড়িগ্রামে ২৫৬ জন, ঠাকুরগাঁওয়ে ২৩৬ জন, নীলফামারীতে ২০৮ জন, লালমনিরহাটে ১৯১ জন এবং পঞ্চগড়ে ১৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন