লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর ২০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তর থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি)-এর অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরে ওই ব্যক্তি বিজিবিকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিজিবি ড্রোনটি উদ্ধার করে।
সীমান্তে থাকা স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৮৪১/৮এস-এর বাংলাদেশের অভ্যন্তরে একটি ড্রোন ভুট্টাক্ষেতে আছড়ে পড়লে হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা সেটি খোঁজার চেষ্টা করেন।
এ বিষয়ে বিজিবি জানায়, মগলিবাড়ী সীমান্তে উদ্ধার হওয়া ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন