চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পাচার বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টারের মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে ডায়মন্ড হাসপাতাল অ্যান্ড ল্যাবের মালিককে ১০ হাজার টাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে গোপাল মেডিকেল হলের মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে মল্লিক ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্টের মালিককে ৩ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন