কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপির নিকটে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তি হলেন টেকনাফের হাজমপাড়া এলাকার মো. ইউনুসের পুত্র মো. ইসহাক। বৃহস্পতিবার, ৭ মে দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার, ৭ মে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সী-বীচ বিওপি থেকে আনুমানিক ৪ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ দিকে হাজমপাড়া নামক স্থানে একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাতের অন্ধকারে আনুমানিক সাড়ে ৪টার দিকে ওই এলাকায় গোপনে কৌশলগত অবস্থান নেয়। বিজিবির আভিযানিক দল হাজমপাড়া এলাকার মো. ইসহাকের নানার বসতঘর ও আশপাশের এলাকা নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মো. ইসহাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি এই মাদকদ্রব্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ক্রয় করে এনে মজুদ করে রাখে।
আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন