সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করে হামলা ও ভাঙচুর চালিয়ে এই টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় ঘটলেও সারাদিন বিষয়টি গোপন রাখা হয়। রাতে থানায় অভিযোগ দায়েরের পর ঘটনাটি জানাজানি হয়।
শুক্রবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিম হোসাইন। তিনি জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারযোগে রওনা দেন।
পথে পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে তারা হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন