চট্টগ্রাম নগরের লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনারের (বাকলিয়া জোন) তত্ত্বাবধানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই সোহেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তারা নগরের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় আসা ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করছিলেন।
কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ডাকাতির উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন