চাঁদপুরের মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুতকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুরের মতলব উত্তর থানার দশানী সংলগ্ন এলাকায় শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযান চলাকালীন উক্ত এলাকায় চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুতকৃত প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) চারজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে, মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসি ল্যান্ড) উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল ফেরত প্রদান করা হয়।
তিনি বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন