গাছের শাখা-প্রশাখা কর্তন, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আজ সোমবার (১১ মে) দেশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের আরও মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ করা হবে। এতে ভবিষ্যতে সিস্টেম লস কমবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।
এদিকে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।
এ কারণে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন