চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, নিহত কাউসার আহমেদ একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন।
ওসি আরও বলেন, ‘মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফ্লাইওভার থেকে ঝুলে আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে, নিহতের পরিবার ও স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ করেছেন, কাউসার আহমেদকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, এখনো পর্যন্ত হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন জানান, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন