আজ পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে শাহাদাতবরণকারী শহীদ সৈনিক মো. আলতাফ হোসেন এবং শহীদ সৈনিক মো. তৌহিদুল ইসলাম সাগরের তৃতীয় শাহাদাত বার্ষিকী। ২০২৩ সালের ১৬ মে পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলার সিলোপি পাড়া এলাকায় কেএনএ সন্ত্রাসীদের ঘাঁটি দখলের উদ্দেশ্যে পরিচালিত এক অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে স্কাউট হিসেবে দায়িত্ব পালনরত সৈনিক মো. আলতাফ হোসেন এবং সৈনিক মো. তৌহিদুল ইসলাম সাগর গুরুতর আহত হন।
পরবর্তীতে দ্রুত হেলিকপ্টারযোগে তাদের উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তারা শাহাদাত বরণ করেন। এই অসামান্য আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের মরণোত্তর সেনা গৌরব পদকে ভূষিত করা হয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশমাতৃকার সেবায় তাদের কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও আত্মোৎসর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য এক উজ্জ্বল প্রেরণা ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

