মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহরের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার বাসিন্দা নয়ন হোসেন (২২) এবং একই উপজেলার বন্দর গ্রামের জীবন আলী (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নয়ন তার মোটরসাইকেলে করে বন্ধু জীবনকে নিয়ে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পিটিআই মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলটির গতি এত বেশি ছিল যে নিয়ন্ত্রণ রাখা অসম্ভব ছিল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তারা এসে দেখেন, একজন সড়কে নিথর হয়ে পড়ে আছেন এবং অন্যজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহিন কবির বলেন, দুর্ঘটনায় দুজনেরই মাথায় গুরুতর জখম হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই বা আনার পরপরই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানার ওসি সেলিম রেজা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন