মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পানি ও ফোম মিশ্রিত করে স্প্রে করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্যোগে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে এক্সপ্রেসওয়ের অন্যান্য যানবাহনের কোনো ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণের পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর প্রাইভেটকারটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন