ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী সংগঠন বা দুষ্কৃতিকারী নেতৃত্বের রাজনীতি করার অধিকার নেই। নিষিদ্ধ কোনো দল বা তাদের অঙ্গসংগঠন নিষিদ্ধ থাকার সময় প্রকাশ্যে কিংবা আড়ালে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে না।
রোববার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে তার প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈপ্লবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রচিন্তার ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আধুনিক বাংলাদেশের যে রূপরেখা তৈরি করেছিলেন, বর্তমান নেতৃত্ব সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। জনগণের অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশকে আত্মমর্যাদাসম্পন্ন ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বর্তমান সরকার জনগণের ক্ষমতায়নে আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতা রাষ্ট্রের নয়, জনগণের। তিনি দাবি করেন, বিএনপি অতীতে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মীর হেলাল বলেন, স্বাধীনতা-পরবর্তী অস্থিরতা ও বিশৃঙ্খলার সময়ে তিনি দেশে উন্নয়নমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তিগত ক্ষমতার আকাঙ্ক্ষা নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশে অতীতে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন