টেকনাফ সীমান্তের নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
শনিবার (৩০ মে) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর কাব্যিক এলাকার নাফ নদীতে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পৌনে ৬টায় হ্নীলা বিওপির সীমান্ত পিলার বিআরএম-১৩ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর-পূর্ব দিকে দুইজন রোহিঙ্গা জেলেসহ একটি নৌকা সুলিশপাড়া বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে তিনজন রোহিঙ্গা ডাকাতদলের একটি নৌকা তাদের ধাওয়া করে স্লুইসগেটের কাছে থামার সংকেত দেয়। কিন্তু জেলেদের নৌকাটি না থামানোয় রোহিঙ্গা ডাকাত দল ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
গুলির শব্দে আতঙ্কিত হয়ে দুই রোহিঙ্গা জেলে নৌকা থেকে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে। গুলির শব্দ শুনে হ্নীলা বিওপির বিজিবির একটি নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যায়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের নৌকাটি বেড়িবাঁধ থেকে প্রায় ২০০ মিটার নাফ নদীর ভেতরে চলে যায়। এ সময় বিজিবি টহলদল পানিতে ভাসমান অবস্থায় থাকা দুই রোহিঙ্গা জেলেকে আটক করে।
আটককৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জমির হোসেনের ছেলে ইমাম হোসেন এবং জোহাত ক্যাম্পের মো. আলীর ছেলে মো. নুরুল আমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফ্টেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন