পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নতুন ও পুরোনো পাঠ্যবই এবং খাতাভর্তি একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকার আরাফাত মঞ্জিলের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী এলাকার ভাঙারি ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স হান্নান এন্টারপ্রাইজ-এর তত্ত্বাবধানে বগুড়া ট্রান্সপোর্টের একটি ট্রাকে সরকারি বই ও খাতা তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি জব্দ করেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ জানান, জাকারিয়া হাওলাদার নামে এক ফেরিওয়ালার কাছ থেকে এসব বই ও খাতা কেনা হয়েছে। তিনি দাবি করেন, গত দেড় বছরে বিভিন্ন ফেরিওয়ালার কাছ থেকে অল্প অল্প করে এসব বই সংগ্রহ করা হয়েছে।
তবে অভিযুক্ত ফেরিওয়ালা জাকারিয়া হাওলাদার জানান, প্রায় এক সপ্তাহ আগে তিনি মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের কাছ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বইসহ মোট ৫৮৭ কেজি সরকারি বই ও খাতা কয়েক হাজার টাকায় কিনেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, দুইজন শিক্ষককে সঙ্গে নিয়ে কিছু পুরোনো বই মাত্র ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছিলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, বইভর্তি ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। যেহেতু বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারভুক্ত নয়, তাই তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে বই সরবরাহ করা হয়। অতিরিক্ত বই থাকলেও তা উপজেলা কমিটির অনুমোদন ও নিলামের মাধ্যমে বিক্রি করতে হয়। এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেননি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন