কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি নানা ধরনের মানত, ব্যক্তিগত আবেদন ও প্রত্যাশা-সংবলিত চিঠি পাওয়া যায়। এবার সেই দানবাক্সে মিলেছে একটি ব্যতিক্রমী চিঠি, যেখানে ‘ওসমান হাদির’ বিচার দাবি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। পরে মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়। এ সময় টাকার পাশাপাশি অসংখ্য নামে-বেনামে লেখা চিঠিও পাওয়া যায়।
উদ্ধার হওয়া একটি চিঠিতে সংক্ষিপ্তভাবে লেখা ছিল—‘হাদি হত্যার বিচার চাই’। চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। এ চিঠিটি উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে।
এর আগে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্সে নিয়মিতভাবে অর্থের পাশাপাশি বিভিন্ন ধরনের আবেদন, মানত ও ব্যক্তিগত প্রত্যাশা-সংবলিত চিঠি পাওয়া যায়। তবে হত্যার বিচার চেয়ে লেখা এ ধরনের চিঠি এবারই বিশেষভাবে সবার নজর কাড়ে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন