তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআইয়ের ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাগত বক্তব্যে বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বিসিটিআই বাংলাদেশের একমাত্র বিশেষায়িত চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ইনস্টিটিউট ও ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের আদলে এটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল (অব.) কামাল আকবর, এনআইএমসির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
এ সময় ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সহকারী মেন্টর হুমায়ুন কবির হিমু এবং ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের মেন্টর লাবিব নাজমুছ ছাকিবও বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নির্মিত দুটি প্রামাণ্যচিত্র—‘মিনতি’ ও ‘মাটির সুর’—প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীরা তাদের শেখার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে দুই কোর্সের সব প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর। অনুষ্ঠানের শেষে বিসিটিআইয়ের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ উদ্যোগ ও অর্জন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন