প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কারাতে দল। পাঁচ সদস্যের দল নিয়ে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টি একটি রৌপ্য ও তিনটি তাম্রসহ মোট চারটি পদক অর্জন করেছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে মো. শাহরিয়ার হাসান রৌপ্য পদক অর্জন করেন। এ ছাড়াও ৬০ কেজি ওজন শ্রেণিতে মো. অলিউর রহমান, ৫০ কেজি ওজন শ্রেণিতে কানুশ্রী সরকার এবং ৪৫ কেজি ওজন শ্রেণিতে তাহমিদা মারজান তাম্র পদক অর্জন করেন।
এ সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং কারাতে দলের প্রশিক্ষক লাভরাজ আচার্যের নিবেদিত প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাবিপ্রবির শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করবে।

