গাজীপুরের শ্রীপুরে মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) এবং একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)। সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে ও কাওসার একটি ফলের দোকানে কাজ করতেন।
নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামার বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হন। রাতের দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে রংসাইডে দ্রুতগতিতে আসা একটি মাছভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে কাওসার ও সোলাইমান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, তাদের সঙ্গে থাকা অন্য মোটরসাইকেলের দুই আরোহী কিছুটা পেছনে থাকায় প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা শ্রীপুরে এসে মরদেহ শনাক্ত করেন।
মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছভর্তি ট্রাকটি রংসাইডে চলছিল। এ কারণে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন