ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মেয়েকে কল করে এক ব্যক্তি বলেন, ‘তোর বাবাকে মারতে চাইনি। কয়েকটা ছুরিকাঘাত করেছি। কিন্তু বেশি হয়ে গেছে। তোর বাবা মারা গেছে।’
রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাজহারুল ইসলাম আকাশ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত।
নিহতের পরিবারের স্বজনরা জানায়, ঘটনার পর নিহতের মোবাইল নাম্বার থেকে মেয়ের নাম্বারে ফোন করে দুবৃত্তরা বলে, তোর বাবাকে মারতে চাইনি। তাকে কয়েকটা ছুরিকাঘাত করছি। কিন্তু এটা বেশি হয়ে গেছে। এতে তোর বাবা মারা গেছে-এই কথা বলেই ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন মজনু মুন্সি। পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।
নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথ আটকায়। তিনি তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে ফেলে যায়। মৃত্যুর আগে তার বাবা পশ্চিম পাড়ার তিন কিশোর হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তবে নাম বলতে পারেনি। এছাড়া ঘটনার পরপরই বাবার মোবাইল ব্যবহার করে বোন বৃষ্টির নাম্বারে ফোন দিয়ে একজন হত্যা কাণ্ডের কথা স্বীকারও করে।
এ বিষয়ে গৌরীপুর থানার কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন